
পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার ময়মনসিংহে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহবায়ক ও শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি তফাজ্জল হোসেন রনো’র উদ্যোগ ও সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির আওতায় ময়মনসিংহের বিভিন্ন স্থানে দুই হাজারের অধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। এর মধ্যে তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নে প্রায় ১,০০০ জন, ফুলপুর উপজেলায় প্রায় ৫০০ জন এবং ময়মনসিংহ মহানগর এলাকায় আরও প্রায় ৫০০ জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ময়মনসিংহ জেলা যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির খান-এর নেতৃত্বে ময়মনসিংহ মহানগর এলাকায়, এছাড়া এলাকাবাসীর উদ্দ্যোগে তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নে ইফতার বিতরণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে ফুলপুর উপজেলা যুবলীগের উদ্যোগে সোহানুর রহমান সোহাগের নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গরিব, অসহায় ও দুঃখী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে শতাধিক হাফেজে কোরআনের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা বলেন, পবিত্র রমজানে এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।